মার্টিন স্করসেজির মনস্তাত্ত্বিক থ্রিলারধর্মী একটি চলচ্চিত্র Shutter Island.
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে একজন মার্কিন সেনা কর্মকর্তা একটি তদন্তের কাজে একটা দ্বীপে আসেন। এই দ্বীপের একটি জেলখানায় সেইসব অপরাধীদের রাখা হয়, যারা তাদের কৃত অপরাধের জন্য মানসিক বিকলতার শিকার হয়েছে। ঐ জেলখানা থেকে পালানো একজন অপরাধীকে সন্ধানের জন্য টেডি ড্যানিয়েলস নামক ঐ অফিসারকে আনা হয়। নিখোঁজ অপরাধীকে খোঁজার পাশাপাশি টেডি আর একজনের অন্বেষণ করতে থাকে, তার ধারণা তার স্ত্রীর মৃত্যুর জন্য সেই ব্যক্তি দায়ী। এই দুটো লোকের সন্ধানের এক পর্যায়ে তার মনে হতে থাকে, সে পূর্বপরিকল্পিত কোনো একটা ষড়যন্ত্রের ফাঁদে পড়েছে। বদ্ধ দ্বীপ (Shutter Island) থেকে কি সে ফিরে আসতে পারবে?
এই ছবির সমাপ্তি কিছুটা গোলমেলে। সিদ্ধান্ত গ্রহণের ভার দর্শকদের উপর ছেড়ে দিয়েছেন পরিচালক। কোনো ঘটনার Trauma বা মানসিক আঘাত যে একজন মানুষের পরবর্তী জীবনে কতটা ভয়াবহ হতে পারে, তা এই ছবি থেকে উপলব্ধি করা যায়। মার্টিন স্করসেজি সচরাচর থ্রিলার ঘরানার ছবি নির্মাণ করেন না। এটা মনস্তাত্ত্বিক থ্রিলার হলেও, ছবির বিভিন্ন সংলাপে দার্শনিকতার আভাস পাওয়া যায়। প্রধান চরিত্রে লিওনার্দো ডিক্যাপ্রিও দুর্দান্ত অভিনয় করেছেন।
পরিচালক মার্টিন স্করসেজি বা অভিনেতা ডিক্যাপ্রিওর ক্যারিয়ারের সেরা চলচ্চিত্র এটি নয়। এর চেয়ে অনেক ভালো ছবি তাঁদের ঝুলিতে আছে। তবে উভয়ের ক্যারিয়ারের ভিন্নধর্মী একটি কাজ হিসেবে এই ছবিটি খুবই গুরুত্বপূর্ণ।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!