ইয়েমেনের 'ইরাশ' গোত্রের এক ব্যক্তি কিছু উট নিয়ে বিক্রি করার জন্য মক্কায় এল।
আবু জাহেল তার কাছ থেকে উটগুলো কিনল।
কিন্তু টাকা দেওয়ার সময় সে টালবাহানা শুরু করল এবং গরিব লোকটির টাকা আটকে রাখল।
লোকটি ছিল বিদেশি মুসাফির।
সে মক্কার কুরাইশদের এক মজলিসে গিয়ে ফরিয়াদ করল:
"হে কুরাইশরা!
আবুল হাকাম (আবু জাহেল) আমার টাকা দিচ্ছে না।
কে আছে আমাকে তার কাছ থেকে আমার হক আদায় করে দেবে?"
কুরাইশরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে দেখিয়ে ঠাট্টা করে বলল: "ওই যে লোকটা বসে আছে (মুহাম্মাদ সা.),
তুমি তার কাছে যাও। সে তোমাকে বিচার পাইয়ে দেবে।"
(তারা আসলে মজা করছিল, কারণ তারা জানত আবু জাহেল নবীজির চরম শত্রু।
তারা ভাবল, নবীজি সা. এর গেলে আবু জাহেল তাকে অপমান করবে, আর তারা সেটা দেখে মজা নেবে)।
সরলমনা লোকটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গিয়ে বলল: "হে আল্লাহর বান্দা!
আবুল হাকাম ( আবু জাহেল ) আমার টাকা মেরে দিয়েছে।
এরা বলল আপনি নাকি আমাকে সাহায্য করতে পারবেন। আল্লাহর ওয়াস্তে আমার টাকাটা উদ্ধার করে দিন।"
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে উঠে দাঁড়ালেন এবং বললেন: "চলো আমার সাথে।"
কুরাইশরা তখন পিছু পিছু গিয়ে তামাশা দেখার জন্য তাদের এক সঙ্গীকে পাঠাল।
নবীজি (সা.) আবু জাহেলের দরজায় গিয়ে কড়া নাড়লেন।
আবু জাহেল জিজ্ঞেস করল: "কে?"
নবীজি (সা.) বললেন: "মুহাম্মাদ। বেরিয়ে এসো।"
আবু জাহেল বের হয়ে এল। কিন্তু তার চেহারা তখন ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে, যেন শরীরে প্রাণ নেই।
নবীজি (সা.) বললেন: "এই লোকটার টাকা এখনই দিয়ে দাও।"
আবু জাহেল কোনো তর্ক না করে বলল: "জি, দিচ্ছি।
একটু অপেক্ষা করুন।" সে ভেতরে গিয়ে সাথে সাথে টাকা এনে লোকটিকে দিয়ে দিল।
লোকটি খুশি হয়ে চলে গেল এবং মজলিসে এসে কুরাইশদের বলল: "আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিন, তিনি আমার হক আদায় করে দিয়েছেন।"
কুরাইশরা অবাক হয়ে আবু জাহেলকে জিজ্ঞেস করল: "ছিঃ! তোমার কী হলো?
তুমি মুহাম্মদ সা. এর কথায় এত ভয় পেলে কেন?
আমরা তো তোমাকে এমন ভীতু কখনো দেখিনি!"
আবু জাহেল কাঁপতে কাঁপতে বলল,
"তোমাদের ধ্বংস হোক!
তোমরা জানো না আমি কী দেখেছি।
যখন মুহাম্মাদ দরজায় টোকা দিল এবং আমি তার গলার স্বর শুনলাম, আমার অন্তরাত্মা কেঁপে উঠল।
আমি বের হয়ে দেখলাম, মুহাম্মাদের মাথার ওপর এক বিশাল ও ভয়ঙ্কর উট দাঁড়িয়ে আছে।
এমন বড় কুঁজ, এমন ঘাড় এবং এমন ধারালো দাঁতওয়ালা উট আমি জীবনে দেখিনি! আল্লাহর কসম!
আমি যদি মুহাম্মাদের কথা না শুনতাম, তবে ওই উটটি আমাকে চিবিয়ে খেয়ে ফেলত।"
সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
(সূত্র: সীরাতে ইবনে হিশাম, দালাইলুন নবুওয়্যাহ)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!