আমাদের সেই পুরো বাড়িজুড়ে সংসার আর আজকাল দেখা যায় না। বড় উঠোনবাড়ি, চারপাশে অনেকগুলো ঘর, তাতে পরিবারের সবাই; ভাই-বোন, বাবা-মা, কাকা-কাকীর যে সংসার। আর যেন নেই। এখন এই বাড়ির সব মানুষগুলোর আলাদা আলাদা বাড়ি হয়। পুরোনো বাড়িটায় থাকে সবচেয়ে পুরোনো মানুষটাই, সবার মতো যে ব্যস্ত হতে পারেনি, আধুনিকতার আর জীবিকার দামে বেচতে পারেনি নিজের স্মৃতি।
এই বাড়ি ছেড়ে চলে যাওয়া সবাই এক হয়। তাদের এক হতে বছর ঘুরে আসতে হয় একটা উৎসব। আর সেই উৎসবে এক হয়ে দেখা যায়, সবার আলাদা জীবন হয়েছে। সেই জীবনের আদলে তারা গড়ে উঠেছে আলাদা মতামত নিয়ে, আলাদা নিয়ম নিয়ে।
ঋতুপর্ণ বরাবরই পছন্দের পরিচালক। কিছু পরিচালক থাকে, যাদের সব সিনেমা দেখে ফেলা যায়। ঋতুপর্ণ তাদের মধ্যে একজন। কিছু সিনেমা খুব ভালো, কিছু বা ভালো। ঋতুপর্ণ যা বানিয়েছেন, পরম যত্ন নিয়েই বানিয়েছিলেন।
সিনেমায় অনেকগুলো আলাদা আলাদা জীবন এক ছাদের নিচে বসে গল্প করে, একটা পুজো করে। বিসর্জনের সময়ের আগে কতজনের জীবনে পুরোনো বিসর্জনরা পিছু ডাকে।
অভিনয় সবারই সাবলীল, চিত্রনাট্য বরাবরের মতোই সুন্দর। ভালো লাগার তালিকায় যুক্ত হওয়া আরেকটা সিনেমা।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!