🧠 আমরা প্রতিদিন কত কিছু দেখি, শুনি, অনুভব করি। সকালে কার সঙ্গে কথা বললাম, দুপুরে কী খেলাম, কয়েক বছর আগে কোথায় ঘুরতে গিয়েছিলাম এ সবকিছু তো মনে থাকে না। অথচ হঠাৎ কোনো একটা পুরোনো গান শুনলেই বহু বছর আগের একটা বিকেল চোখের সামনে ভেসে ওঠে। মনে হয়, সময়টা যেন মুহূর্তের জন্য পিছিয়ে গেল।
কিন্তু ব্যাপারটা আসলে কীভাবে ঘটে? আমাদের মস্তিষ্ক কোনো কম্পিউটারের হার্ডড্রাইভের মতো এক জায়গায় স্মৃতি জমিয়ে রাখে না। স্মৃতি তৈরি হওয়ার সময় মস্তিষ্কের বিভিন্ন অংশ একসঙ্গে কাজ করে। আমরা যখন কোনো কিছু দেখি, শুনি বা অনুভব করি, তখন সেই অভিজ্ঞতা থেকে আসা তথ্য মস্তিষ্কের স্নায়ুকোষগুলোর মধ্যে যোগাযোগের ধরন বদলে দেয়। সহজ করে বললে, স্মৃতি অনেকটা মস্তিষ্কের ভেতর তৈরি হওয়া একটি নতুন সংযোগের পথ।
ধরুন, আপনি প্রথমবার সমুদ্র দেখলেন। ঢেউয়ের শব্দ, নোনতা বাতাস, পানির বিশালতা—সবকিছু একসঙ্গে আপনার অভিজ্ঞতার অংশ হয়ে গেল। তখন মস্তিষ্ক শুধু “সমুদ্র” নামের একটা তথ্য জমিয়ে রাখে না। এর সঙ্গে শব্দ, গন্ধ, দৃশ্য, অনুভূতি—অনেক কিছু জুড়ে যায়।
এই কারণেই কোনো একটা ছোট্ট জিনিসও পুরোনো স্মৃতি ফিরিয়ে আনতে পারে। একটা গন্ধ, একটা গান, এমনকি কোনো নির্দিষ্ট জায়গা।
স্মৃতি তৈরির ক্ষেত্রে মস্তিষ্কের হিপোক্যাম্পাস নামের একটি অংশ খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে নতুন ঘটনা ও অভিজ্ঞতাকে দীর্ঘমেয়াদি স্মৃতিতে পরিণত করার কাজে এর বড় ভূমিকা আছে। আপনি আজ কার সঙ্গে দেখা করলেন বা গত সপ্তাহে কোথায় গিয়েছিলেন—এ ধরনের ঘটনাগুলোর স্মৃতি তৈরি ও সংগঠিত করার সময় হিপোক্যাম্পাস সক্রিয় থাকে।
তবে মজার ব্যাপার হলো, স্মৃতি সবসময় একই জায়গায় পড়ে থাকে না। সময়ের সঙ্গে সঙ্গে মস্তিষ্কের অন্য অংশগুলোর সঙ্গেও সেই স্মৃতির যোগাযোগ তৈরি হতে থাকে। তাই কোনো পুরোনো ঘটনা মনে করার সময় শুধু একটি জায়গা নয়, মস্তিষ্কের অনেকগুলো অঞ্চল একসঙ্গে কাজ করতে পারে।
আর এখানেই আসে আরেকটি মজার বিষয়, আমরা যখন কোনো স্মৃতি মনে করি, তখন আসলে সেটাকে হুবহু খুলে দেখি না। প্রতিবার মনে করার সময় স্মৃতিটা কিছুটা নতুন করে তৈরি হয়। এই কারণেই ছোটবেলার কোনো ঘটনা আপনি যেভাবে মনে রেখেছেন, অন্য কেউ হয়তো একই ঘটনাকে একটু অন্যভাবে মনে রাখতে পারেন। এমনকি আপনার নিজের স্মৃতিও সময়ের সঙ্গে বদলে যেতে পারে। কিছু অংশ পরিষ্কার থাকে, কিছু অংশ ঝাপসা হয়ে যায়, আবার কখনো মস্তিষ্ক নিজের অজান্তেই ফাঁকা জায়গাগুলো পূরণ করে নেয়।
তাহলে কি আমাদের স্মৃতি পুরোপুরি নির্ভরযোগ্য নয়?সবসময় নয়। আমরা সাধারণত ভাবি, স্মৃতি মানে অতীতের একটা ভিডিও রেকর্ড। যখন চাই, প্লে করে দেখলাম। কিন্তু মস্তিষ্ক আসলে এভাবে কাজ করে না। বরং স্মৃতি অনেকটা একটা গল্পের মতো। আমরা যখন সেটাকে মনে করি, তখন মস্তিষ্ক আগের তথ্য, বর্তমান পরিস্থিতি আর আমাদের অনুভূতিগুলো মিলিয়ে সেই ঘটনাটাকে আবার সামনে নিয়ে আসে।
এ কারণেই আবেগের সঙ্গে জড়িয়ে থাকা ঘটনা অনেক সময় বেশি মনে থাকে। প্রথম প্রেম, প্রিয় কাউকে হারানোর দিন, জীবনের কোনো বড় সাফল্য, কিংবা এমন কোনো ঘটনা যা আমাদের ভয় পাইয়ে দিয়েছিল—এসব স্মৃতি সাধারণ দিনের তুলনায় অনেক বেশি শক্তভাবে মনে গেঁথে যেতে পারে।
এর পেছনে আবেগের সঙ্গে যুক্ত মস্তিষ্কের অংশগুলোও কাজ করে। বিশেষ করে অ্যামিগডালা কোনো অভিজ্ঞতার আবেগগত গুরুত্ব নির্ধারণে বড় ভূমিকা রাখে। কোনো ঘটনা যদি আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ বা আবেগপূর্ণ হয়, তাহলে সেটি স্মৃতিতে শক্তভাবে বসে যাওয়ার সম্ভাবনাও বাড়ে।
তবে শুধু কোনো কিছু দেখা বা শোনা মানেই সেটা স্মৃতি হয়ে যাবে না। মনোযোগ এখানে খুব গুরুত্বপূর্ণ। আপনি হয়তো প্রতিদিন একই রাস্তা দিয়ে হাঁটেন। কিন্তু রাস্তায় কয়টা দোকান আছে, কোন বাড়ির দেয়ালের রং কী— এব সবকিছু কি মনে থাকে? থাকে না। কারণ মস্তিষ্ক প্রতিটি তথ্যকে সমান গুরুত্ব দেয় না।
আমরা যেটাতে মন দিই, যেটাকে গুরুত্বপূর্ণ মনে করি, কিংবা যেটার সঙ্গে কোনো অনুভূতি জড়িয়ে থাকে, সেটার স্মৃতি তৈরি হওয়ার সম্ভাবনা বেশি।
আর স্মৃতি ধরে রাখার ক্ষেত্রে ঘুমের ভূমিকাও বেশ বড়। সারাদিনের অভিজ্ঞতার পর যখন আমরা ঘুমাই, তখন মস্তিষ্ক নিষ্ক্রিয় হয়ে যায় না। বরং ঘুমের বিভিন্ন পর্যায়ে দিনের শেখা তথ্য ও স্মৃতিগুলোকে সাজানো এবং স্থায়ী করার নানা প্রক্রিয়া চলে। তাই পরীক্ষার আগের রাতে সারারাত জেগে পড়ার চেয়ে ভালো ঘুম অনেক সময় শেখা জিনিস মনে রাখতে বেশি সাহায্য করতে পারে।
আরেকটা বিষয় খুব সহজে বোঝা যায়। আপনি যদি কোনো বন্ধুর ফোন নম্বর একবার শুনে ভুলে যান, সেটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু বারবার ব্যবহার করতে থাকলে নম্বরটা মাথায় গেঁথে যায়। কারণ একই তথ্য বারবার মনে করা বা ব্যবহার করার ফলে সংশ্লিষ্ট স্নায়বিক সংযোগগুলো আরও শক্ত হতে পারে।
মস্তিষ্কের স্মৃতির একটা অন্যতম বড়ো রহস্য এখানেই। আমরা আসলে শুধু তথ্য জমিয়ে রাখি না, শেখার সঙ্গে সঙ্গে মস্তিষ্ক নিজেকেও কিছুটা বদলায়।
স্নায়ুকোষগুলোর মধ্যে যোগাযোগের শক্তি বদলায়। নতুন সংযোগ তৈরি হতে পারে, পুরোনো সংযোগ আরও শক্ত হতে পারে। এই পরিবর্তনগুলোর সমষ্টিই আমাদের শেখা এবং স্মৃতির একটা বড় অংশের ভিত্তি।
তবে ভুলে যাওয়াও মস্তিষ্কের স্বাভাবিক কাজ। আমরা যদি জীবনের প্রতিটি ঘটনা নিখুঁতভাবে মনে রাখতে পারতাম, সেটা হয়তো আশীর্বাদ না হয়ে বোঝা হয়ে দাঁড়াত। প্রতিদিনের অসংখ্য দৃশ্য, শব্দ, মুখ, কথাবার্তা যদি একইভাবে মাথায় জমে থাকত, তাহলে গুরুত্বপূর্ণ বিষয় আলাদা করে চিনে নেওয়াই কঠিন হয়ে যেত।
তাই ভুলে যাওয়া শুধু স্মৃতির দুর্বলতা নয়। অনেক ক্ষেত্রে এটা মস্তিষ্কের স্বাভাবিক বাছাই প্রক্রিয়ার অংশ। আর সম্ভবত এ কারণেই স্মৃতি এত অদ্ভুত।।একটা পুরোনো ছবি দেখলে হঠাৎ মনে পড়ে যেতে পারে এমন একটা ঘটনা, যেটার কথা আপনি বহু বছর ভাবেননি। একটা গান শুনে বুকের ভেতর অদ্ভুত একটা অনুভূতি হতে পারে। কোনো পরিচিত গন্ধ আপনাকে কয়েক দশক আগের কোনো ঘরে ফিরিয়ে নিয়ে যেতে পারে।
মনে হয়, স্মৃতিগুলো কোথাও হারিয়ে যায়নি। শুধু মস্তিষ্কের ভেতর তাদের পথটা আমরা সবসময় খুঁজে পাই না। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, আমরা প্রতিদিন নতুন স্মৃতি তৈরি করছি, অথচ সেই কাজটা কীভাবে এত নিখুঁতভাবে ঘটে তার সবকিছু এখনো আমরা জানি না।
আমরা জানি হিপোক্যাম্পাস গুরুত্বপূর্ণ। জানি স্নায়ুকোষের সংযোগ বদলায়। জানি ঘুম, মনোযোগ আর আবেগ স্মৃতিকে প্রভাবিত করে। কিন্তু একটা নির্দিষ্ট স্মৃতি কীভাবে মস্তিষ্কের বিশাল নেটওয়ার্কে এমনভাবে ছড়িয়ে থাকে যে বহু বছর পরও একটা ছোট্ট গন্ধ বা শব্দ সেটাকে ফিরিয়ে আনতে পারে সেটা এখনো পুরোপুরি বোঝা যায়নি।
হয়তো স্মৃতি কোনো আলাদা বাক্সে রাখা জিনিস নয়। আমরা যা দেখেছি, শুনেছি, ভালোবেসেছি, হারিয়েছি আর অনুভব করেছি, সেগুলোর সঙ্গে মস্তিষ্কের তৈরি অসংখ্য সংযোগের একটা জটিল জাল।
আর সেই জালটাই হয়তো আমাদের অতীতকে ধরে রাখে।তাই প্রশ্নটা শুধু “মস্তিষ্ক কীভাবে স্মৃতি সংরক্ষণ করে?” নয়। আরও অদ্ভুত প্রশ্ন হলো: "আমাদের স্মৃতিগুলো যদি ধীরে ধীরে বদলাতেই থাকে, তাহলে আমরা যে অতীতটাকে নিজের বলে মনে করি, সেটা আসলে কতটা হুবহু সত্য।।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!