হারিয়ে যাওয়া বাংলাদেশের ময়ূর
বাংলাদেশের প্রকৃতি থেকে হারিয়ে গেছে বলে ধরা হয়েছিল যে ময়ূরকে, পঞ্চগড় সীমান্তে তার ফিরে আসার শক্ত প্রমাণ মিলেছে। ৬ নভেম্বর বন্য প্রাণিবিজ্ঞানী রেজা খান বাংলাদেশের মাটিতে এই ময়ূর, বৈজ্ঞানিক নাম পাভো ক্রিস্ট্যাটাস, পর্যবেক্ষণ করেন।
১৯৭৪ সালের জুনের শেষ সপ্তাহে ভারতের বোরিভিলি ন্যাশনাল পার্কে প্রথম বুনো ময়ূর দেখার পর নিজের দেশে এমন দৃশ্যের জন্য তাঁকে অপেক্ষা করতে হয়েছে ৫২ বছর।
আইইউসিএন বাংলাদেশের প্রাণিকুলের তথ্য হালনাগাদ প্রকল্পের অংশ হিসেবে পরিচালিত মাঠ অনুসন্ধানে তাঁর সঙ্গে ছিলেন অধ্যাপক মোহাম্মদ মোস্তফা ফিরোজ ও প্রকল্প সমন্বয়ক জেনিফার আজমিরি।
স্থানীয় পাখিপ্রেমীদের তথ্য ধরে দলটি পঞ্চগড়ের তেঁতুলিয়া ও আশপাশের সীমান্তবর্তী এলাকায় যায় এবং ক্যামেরা, দুরবিন ও টেলিফটো লেন্স দিয়ে পাখিগুলোর চলাচল পর্যবেক্ষণ করে। প্রথম দিন বিকেলে নিয়মিত রাতের আশ্রয়স্থলের কাছে চারটি ময়ূর দেখা যায়। পরদিন ভোর সাড়ে পাঁচটার পর পাঁচটি ময়ূর গাছ থেকে নেমে সীমান্তের ওপারে ভারতের খোলা জায়গায় যায়।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!